নড়াইলের মাইজপাড়া-পোড়াডাঙ্গা-ধলগা সড়কের হোসেনপুর এলাকায় গরু বহনকারী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক ইকরামুল মোল্যা (৪৩) নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকরামুল যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের আবুবক্কর মোল্যার ছেলে।
বহরমপুর গ্রামের সাকিল আহমেদ জানান, ইকরামুল শনিবার সকালে পাশের খলসি গ্রামের শওকতের বাড়ি থেকে দুটি গরু কিনে ট্রলিতে করে নড়াইল পৌরসভার গারুচিরায় আসছিলেন। পথিমধ্যে নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের হোসেনপুর এলাকায় একটি মোড়ে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় ইকরামুলকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মেজবাহ আহমেদ শাওন জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত ইকরামুলের পরিবারের সদস্যরা জানান, এ দুর্ঘটনায় গরু দুটিও আহত হয়েছে। ইকরামুল কয়েক বছর সৌদি আরবে থেকে প্রায় ছয় মাস আগে দেশে ফিরে ট্রলি চালানো শুরু করেন। গৃহস্থ ও ব্যবসায়ীদের গরু কেনাবেচার কাজে তিনি ট্রলি নিয়ে বিভিন্ন হাট ও গ্রামগঞ্জে যেতেন। তাঁর পরিবারে স্ত্রী, একটি ছেলে ও দুটি মেয়ে রয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।