বাংলাদেশের কৃষিখাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে বাস্তবায়নাধীন “স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রকল্প (SACP)” এর কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এ এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বারি’র সেমিনার কক্ষে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে বারি’র বীজ প্রযুক্তি বিভাগ। কর্মশালায় সভাপতিত্ব করেন বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. মঞ্জুরুল কাদির, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ এবং প্রকল্প পরিচালক (SACP) ড. মো. এমদাদুল হক। এছাড়াও বারি’র বিভিন্ন কেন্দ্র ও বিভাগের সিনিয়র বিজ্ঞানী ও কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় SACP প্রকল্পের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের কম্পোনেন্ট কো-অডিটর (বারি অঙ্গ) ড. পরিমল চন্দ্র সরকার।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ আতাউর রহমান বলেন, ক্ষুদ্র কৃষকদের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে SACP প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি প্রকল্পের কার্যক্রম আরও কার্যকর ও ফলপ্রসূ করার জন্য সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ড. রেশমা সুলতানা প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে মাঠ পর্যায়ে এর প্রভাব আরও দৃশ্যমান করার আহ্বান জানান।
কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন এবং বাস্তবায়ন কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন।