ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বিএনপি প্রার্থী আহমেদ আযম খানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। একই অভিযোগে সখীপুর সরকারি কলেজের প্রভাষক মো. শরিফুল ইসলামকেও শোকজ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) টাঙ্গাইলের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ আশরাফুল আলম পৃথক নোটিশে তাঁদের কারণ দর্শানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, বিএনপি প্রার্থী আহমেদ আযম খান আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়ে ভোট প্রার্থনা এবং অনুদান ঘোষণা করছিলেন। অভিযোগের প্রেক্ষিতে সংযুক্ত ভিডিও ও ছবি পর্যালোচনা করে আদালত দেখতে পায়, একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘১২ বার তো ভোট দিয়েছেন, এবার ১৩ বারের নির্বাচনে হিসেব করে ভোট দেন। আমি ধানের শীষের প্রার্থী হয়েছি।’ এছাড়া তিনি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড ও নতুন রাস্তা তৈরির প্রতিশ্রুতি দেন, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর স্পষ্ট লঙ্ঘন।
এর আগে, গত ২৯ ডিসেম্বর ওই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বিচারিক কমিটির কাছে পাঠানো হয়েছিল।
অন্যদিকে, সখীপুর সরকারি কলেজের প্রভাষক মো. শরিফুল ইসলামের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় সরাসরি প্রার্থীর পক্ষে কাজ করার প্রাথমিক সত্যতা পেয়েছে কমিটি। অভিযোগের প্রেক্ষিতে তাঁদের দুজনকে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে স্থাপিত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।