নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রোহান ইসলাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর মধ্যপাড়া গ্রামের জামিরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর পৌনে একটার দিকে রায়পুর পারের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে হঠাৎ করে আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়ে ওঠে এবং ঝড়ো হাওয়া, ভারী বর্ষণ ও বজ্রপাত শুরু হয়। রোহান ভবানীপুর বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা হলে পথিমধ্যে রায়পুর পারের ঘাট এলাকায় পৌঁছানোর পর বজ্রপাতে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়ার পথে রোহান ইসলামের মৃত্যু হয়।
এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক।