খুলনা

ডাকাতের কবলে আতঙ্কিত প্রসূতির অ্যাম্বুলেন্সের ভেতর সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু

ঝিনাইদহে ডাকাতের কবলে পড়ে আতঙ্কিত হয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেছেন এক প্রসূতি। পরে ওই নবজাতকের মৃত্যু হয়েছে। হামলার শিকার ওই প্রসূতি চুয়াডাঙ্গা পোস্ট অফিসপাড়ার বাসিন্দা আবদুল্লাহ আল নোমানের স্ত্রী।

ডাকাতদল তাদের কাছে থাকা প্রায় এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুটে নেয়। রোববার রাত তিনটার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংদহ গ্রাম এলাকার সড়কে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে প্রসূতির স্বামী আবদুল্লাহ আল নোমান জানান, সন্তানসম্ভবা স্ত্রী ও পরিবারের আরও তিন সদস্যকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে তিনি যশোর যাচ্ছিলেন। পথিমধ্যে অ্যাম্বুলেন্সটি কালীগঞ্জের গান্না-নীমতলা সড়কের সিংদহ গ্রামে পৌঁছালে সড়কের পাশের গাছ কেটে ওপর রেখে ব্যারিকেড দেয় সাত-আটজনের একদল ডাকাত। তারা অ্যাম্বুলেন্স থামিয়ে নোমান, তার মা ও শাশুড়ির কাছে থাকা প্রায় এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুটে নেয়।

আবদুল্লাহ আল নোমান আরও জানান, ডাকাতির সময় তার স্ত্রী ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েন। সেই আতঙ্কের মধ্যেই তিনি অ্যাম্বুলেন্সের ভেতর সন্তান প্রসব করেন। পরে ভূমিষ্ঠ হওয়া নবজাতকের মৃত্যু হয়। এরপর জরুরি সেবা ৯৯৯-এ কল করলে ঘটনাস্থলে পুলিশের একটি দল আসে এবং খোঁজখবর নিয়ে চলে যায়।

এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলার বেতাই চণ্ডীপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) হাসান আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে বিস্তারিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, ঘটনাস্থলে টহল দল গিয়েছিল। রাস্তার ওপর গাছ ফেলা ছিল। একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে এবং কিছু টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে ডাকাতরা। অ্যাম্বুলেন্সে থাকা গর্ভবতী রোগীর প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল এবং তিনি সন্তান প্রসব করেন।

ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রসূতির নবজাতক শিশুটিও মারা গেছে বলে শুনেছি।

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে জেলা পুলিশ ও গোয়েন্দাদের একাধিক দল মাঠে কাজ শুরু করেছে। কালীগঞ্জ থানায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 


সম্পর্কিত খবর