পঞ্চগড়ে উদ্যোক্তা কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ইসলামী ব্যাংক পিএলসি পঞ্চগড় শাখায় এ কর্মশালা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক মো. আলমগীর।
বাংলাদেশ ব্যাংক রংপুরের সহকারী পরিচালক শামিম হোসেন মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন। ইসলামী ব্যাংক পিএলসি পঞ্চগড় শাখার প্রধান ও এফএভিপি ফয়জুর রহমান কর্মশালায় সভাপতিত্ব ও সমাপনী বক্তব্য দেন। পঞ্চগড় সদরের বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০০ জন উদ্যোক্তা ও ব্যাংকের কর্মকর্তারা এতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক মো. আলমগীর বলেন, ‘আপনারা চাকরি না খুঁজে চাকরি দিন। চাকরি না খুঁজে বেশি বেশি করে উদ্যোক্তা হন। উদ্যোক্তা হলে আপনারা নিজেরাই শিক্ষিত বেকারদের কর্মসংস্থান তৈরি করতে পারবেন। উপজেলাভিত্তিক তরুণদের মাঝে উদ্যোক্তা সৃষ্টি করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। এজন্য উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সারাদেশে ৫ হাজার নতুন উদ্যোক্তা খোঁজা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘উদ্যোক্তাদের সহায়তা করতে প্রতিটি ব্যাংক এগিয়ে আসবে। আর্থিকভাবে সহায়তা করার জন্য ইতোমধ্যে অনেক ব্যাংক বিনিয়োগ করছে। উদ্যোক্তাদের ক্যাটাগরি যাচাই-বাছাই করেই ব্যাংকগুলো বিনিয়োগ করছে। সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন করা হচ্ছে। এর মধ্যে ৫০ শতাংশ বিনিয়োগ ও ৫০ শতাংশ অনুদান দেওয়া হয়। সর্বোচ্চ ২৮ বছর বয়স পর্যন্ত উদ্যোক্তারা এ সুবিধা পাবেন।’
মো. আলমগীর বলেন, ‘উদ্যোক্তাদের উদ্যোগকে কাজে লাগাতে সরকারও বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। আপনারা গরু পালন, হাঁস পালন, হস্তশিল্পসহ বিভিন্ন প্রকল্প নিতে পারবেন। ব্যাংক কর্তৃপক্ষ আপনাদের প্রকল্প সরেজমিনে গিয়ে যাচাই-বাছাই করেই ঋণ দেবে।’
কর্মশালাটি সঞ্চালনা করেন ইনভেস্টমেন্ট ইনচার্জ এসপিও এনামুল হক।