ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর এক ভিডিও বার্তায় ভোটারদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেন, "আমাকে ভোট দেওয়া মানেই দেশনায়ক তারেক রহমানকে ভোট দেওয়া।" আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ওই ভিডিও বার্তায় তিনি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হতে নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
রাশেদ খান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের হাইকমান্ড তাকে এ আসনে মনোনয়ন দিয়েছেন। দলীয় সিদ্ধান্তের পর থেকেই তিনি এলাকায় নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। ঝিনাইদহ-৪ আসনকে বিএনপি অধ্যুষিত উল্লেখ করে তিনি বলেন, "এখানকার মানুষ ঐতিহাসিকভাবেই ধানের শীষের প্রতি আস্থাশীল।"
জাতীয় পর্যায়ের রাজনীতিবিদ হিসেবে যেকোনো আসন থেকে লড়ার সক্ষমতা থাকলেও নিজ জেলা ঝিনাইদহ থেকেই ধানের শীষের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি আনন্দিত। মনোনয়ন বঞ্চিতদের ক্ষোভ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "দলের শৃঙ্খলা রক্ষা করে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকবেন না বলে আমার বিশ্বাস। তৃণমূলের নেতাকর্মীরাই আমাদের আসল শক্তি।"
নির্বাচনের নতুন কাঠামোর কথা উল্লেখ করে রাশেদ খান বলেন, "এবারের নির্বাচন আগের চেয়ে ভিন্ন। ধানের শীষে যত বেশি ভোট পড়বে, বিএনপি তত বেশি আসন পাবে। স্বতন্ত্র প্রার্থীর ভোট বাস্তবে কোনো কাজে আসবে না।" জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের জনগণ ভালো থাকবে এবং তারুণ্যের স্বপ্ন বাস্তবায়িত হবে।