রাজনীতি

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের ‘লাল কার্ড’ দেখাবে জনগণ: আসিফ মাহমুদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদের নামে রাজনীতি করা ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের জনগণ ‘লাল কার্ড’ দেখাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর সেনবাগের সেবারহাটে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

আসিফ মাহমুদ বিএনপিকে ইঙ্গিত করে বলেন, “জাতীয়তাবাদের রাজনীতি করা দলের প্রার্থীদের একটি বড় অংশ বিদেশি নাগরিক। যাদের প্রার্থীরা এ দেশের একক নাগরিক নয়, তাদের মুখে জাতীয়তাবাদের কথা হাস্যকর। তারা অতীতে কৃষক-শ্রমিকদের দেওয়া কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি; সুতরাং ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের নতুন প্রতিশ্রুতিতে জনগণ আর ভুলবে না।”

 

নির্বাচনী সংস্কার ও পেশিশক্তি ব্যবহারের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সেনবাগেও পেশিশক্তি দিয়ে কেন্দ্র দখলের হুমকি দেওয়া হচ্ছে। এবার যদি একজন নাগরিককেও ভোটদানে বাধা দেওয়া হয়, তবে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। বাংলাদেশের কোনো নাগরিক এবার ভোট না দিয়ে কেন্দ্র থেকে ফিরে যাবে না।

 

বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, একটি দল মুখে সংস্কারের কথা বললেও তাদের দলীয় প্রধানকে এ বিষয়ে কথা বলতে দেখা যায় না। একদিকে সংস্কারের কথা বলা হচ্ছে, অন্যদিকে মাঠপর্যায়ে ‘না’ ভোটের পক্ষে প্রচার চালিয়ে তারা দ্বিচারিতা করছে।

 

পদযাত্রায় নোয়াখালী-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সুলতান জাকারিয়াসহ এনসিপি ও জোটের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 



সম্পর্কিত খবর