ঢাকা

কাপাসিয়ায় পাঁচ খুনের ফরেনসিক রিপোর্ট: চারজনের গলা কাটা, একজন শ্বাসরোধে নিহত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ি থেকে উদ্ধার হওয়া মা ও মেয়েসহ পাঁচ মরদেহের ফরেনসিক প্রতিবেদনে বলা হয়েছে, মা শারমিন খানমসহ চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। আর এক শিশুকে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করেছে হত্যাকারী ফোরকান।

 

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডা. মাজহারুল হক বলেন, ময়নাতদন্তে বেরিয়ে এসেছে নিহত শারমিন খানম, তাঁর ভাই রসুল মোল্লা, মেয়ে মিম ও মারিয়ার মৃত্যু নিশ্চিত করা হয়েছে গলা কেটে। অপর শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ড ঘটানোর আগে তাঁদের চেতনানাশক বা অন্য কিছু খাওয়ানো হয়েছিল কি না, তা জানার জন্য পাকস্থলীর খাবারসহ অন্যান্য উপাদানের নমুনা সংগ্রহ করে সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে। ল্যাবের রিপোর্ট পেলে এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে।

 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহত শারমিনের স্বামী ফোরকান মিয়াকে প্রধান আসামি ও অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে কাপাসিয়া থানায় মামলা করা হয়েছে। পুলিশের একাধিক দল অভিযুক্ত ফোরকানকে গ্রেপ্তারে তৎপর রয়েছে। এ ছাড়া এ ঘটনায় আটক দুজন গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে রয়েছেন। তদন্ত চলছে, মূল অভিযুক্ত ফোরকানকে গ্রেপ্তার করা গেলে এ মামলার রহস্য উন্মোচন করা যাবে।

 

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গৃহকর্তা মো. ফোরকান পলাতক রয়েছেন।



সম্পর্কিত খবর