ঝিনাইদহের কালীগঞ্জের সংবাদপত্র বিক্রেতা মো. জাহাঙ্গীর আলম (৫৭) ইনতেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দিবাগত রাত ১২টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জাহাঙ্গীর আলম উপজেলার পাতবিলা গ্রামের মৃত মজিবর রহমানের বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি প্রায় ১৭ বছর ধরে স্থানীয় ও জাতীয় সংবাদপত্র বিতরণের কাজ করে আসছিলেন। তিনি কালীগঞ্জ উপজেলা সংবাদপত্র বিতরণকারী সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সোমবার বেলা ১১টায় পাতবিলা দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
তাঁর নামাজে জানাজায় উপস্থিত ছিলেন সাংবাদিক শাহজাহান আলী সাজু, জামির হোসেন, হাবিব উসমান, এনামুল হক সিদ্দিক, নয়ন খন্দকার, মোমিনুর রহমান মন্টু, রবিউল ইসলাম ও সনেট। জানাজায় ইমামতি করেন ঢাকার ইস্টার্ন প্লাজা জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কালীগঞ্জ উপজেলা সংবাদপত্র বিতরণকারী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাজুসহ সমিতির সদস্যবৃন্দ।