খাগড়াছড়ি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খাগড়াছড়ির অতি দুর্গম তিনটি ভোটকেন্দ্রে হেলিকপ্টার যোগে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পাঠানো হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সেনাবাহিনীর সহায়তায় লক্ষ্মীছড়ি ও দীঘিনালা উপজেলার এসব দুর্গম কেন্দ্রে ভোটগ্রহণের সরঞ্জামসহ কর্মকর্তাদের পৌঁছে দেওয়া হয়।
যে তিনটি কেন্দ্রে আকাশপথে সরঞ্জাম পাঠানো হয়েছে সেগুলো হলো—লক্ষ্মীছড়ি উপজেলার শুকনাছড়ি ও ফুত্যাছড়ি এবং দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি। যোগাযোগব্যবস্থার জটিলতা ও ভৌগোলিক দুর্গমতার কারণে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনের এই কেন্দ্রগুলোকে বিশেষ ব্যবস্থাপনায় প্রস্তুত করা হয়েছে। লক্ষ্মীছড়ি জোন হেলিপ্যাড থেকে সেনাবাহিনীর হেলিকপ্টার পর্যায়ক্রমে এসব কেন্দ্রে নির্বাচনী সামগ্রী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও কর্মকর্তাদের পৌঁছে দেয়।
খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, “দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের কেন্দ্রগুলোতে নির্বিঘ্নে ভোটগ্রহণের লক্ষ্যে ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জামের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হেলিকপ্টারের মাধ্যমে নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।”
এদিকে নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে জেলাজুড়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, অতীতের অভিজ্ঞতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেশ কিছু ‘হটস্পট’ এলাকা চিহ্নিত করে সেখানে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। বিশেষ করে দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় যৌথ বাহিনীর নিবিড় নজরদারি বাড়ানো হয়েছে।
নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, খাগড়াছড়ি আসনে মোট ২০৩টি ভোটকেন্দ্রে ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১২১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্রকে ‘অতিঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।