রাজনীতি

গণতন্ত্র বাধাগ্রস্ত হলে উগ্রবাদের উত্থান ঘটে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত হলে উগ্রবাদী শক্তির উত্থান ঘটে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

 

মির্জা ফখরুল বলেন, “গণতান্ত্রিক অধিকার ও ভোটের অধিকারের জন্য বিএনপি সবসময় লড়াই করেছে। তারই বহিঃপ্রকাশ এই বিজয়। বিএনপি জনগণের রাজনীতি করে; এটি কোনো ক্যাডারভিত্তিক দল নয়।” উগ্রবাদ প্রসঙ্গে তিনি দাবি করেন, যখনই গণতন্ত্র চাপা পড়ে যায়, তখনই বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পায়। জামায়াতে ইসলামীসহ দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এর প্রতিফলন দেখা গেছে বলে তিনি উল্লেখ করেন।

 

সরকার গঠন প্রসঙ্গে মহাসচিব বলেন, “যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল, তাদের নিয়েই আমরা নির্বাচন করেছি এবং তাদের নিয়েই সরকার গঠন করব। রাজনৈতিক সমঝোতা ও ঐক্যের ভিত্তিতেই আমাদের ভবিষ্যৎ পথচলা নির্ধারিত হবে।” তিনি আরও জানান, নির্বাচনে যারা পরাজিত হয়েছে, বিশৃঙ্খলা না করে তাদের আগলে রাখা হবে।

 

মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দল ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি কখনোই জনসমর্থন হারায়নি দাবি করে মির্জা ফখরুল বলেন, জনগণের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠাই দলের মূল লক্ষ্য।

 



সম্পর্কিত খবর