ঢাকা

গাকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবসে প্রাণিস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তায় পেশাজীবীদের অঙ্গীকার

বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রাণিস্বাস্থ্য, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তায় ভেটেরিনারিয়ানদের বহুমাত্রিক ভূমিকা তুলে ধরা হয়। বিভিন্ন ওষুধ ও বায়োসায়েন্স প্রতিষ্ঠান এ আয়োজনে সহযোগিতা প্রদান করে।

 

এ বছরের প্রতিপাদ্য ছিল ‘ভেটেরিনারিয়ানরা: খাদ্য ও স্বাস্থ্যের অভিভাবক’। প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল ১০টায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি ভেটেরিনারি অনুষদীয় কমপ্লেক্স থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ভেটেরিনারি টিচিং হসপিটাল (ভিটিএইচ) প্রাঙ্গণে এসে শেষ হয়। অংশগ্রহণকারীরা স্লোগান, প্ল্যাকার্ড ও ব্যানারের মাধ্যমে ভেটেরিনারি পেশার গুরুত্ব তুলে ধরেন। র‍্যালি শেষে সকাল সাড়ে ১০টায় ভিটিএইচ চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তৈমুর ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান এবং ভিটিএইচ পরিচালক প্রফেসর ড. অনুপ কুমার তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভিটিএইচ-এর সহযোগী পরিচালক প্রফেসর ড. জীবন চন্দ্র দাস। সভায় বক্তারা ভেটেরিনারি চিকিৎসা, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে ভেটেরিনারি টিচিং হসপিটাল ও সংশ্লিষ্ট ল্যাবসমূহকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিনামূল্যে পশু চিকিৎসা ও ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক ও খামারিরা সরাসরি সেবা গ্রহণ করেন। এ কর্মসূচির আওতায় ৪৩টি গরু, ৫৪টি ছাগল-ভেড়া, ১৬২টি হাঁস-মুরগি, ২৭টি বিড়াল, ৪টি কুকুর, ১১টি কবুতর এবং ৪টি পোষা পাখিকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে আয়োজন করা হয় ফটোগ্রাফিক পোস্টার প্রদর্শনী ও শিক্ষার্থীদের উদ্ভাবনী খাদ্য স্টল। অতিথিরা এসব স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।

 

উল্লেখ্য, ২০০০ সাল থেকে প্রতি বছর এপ্রিল মাসের শেষ শনিবার বিশ্বব্যাপী বিশ্ব ভেটেরিনারি দিবস পালন করা হয়ে আসছে।



সম্পর্কিত খবর