গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।
রোববার দুপুরে নগর ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট সভায় সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার এ বাজেট উপস্থাপন করেন। প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানমের সভাপতিত্বে সভায় সিটি করপোরেশনের সচিব, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ বিভিন্ন কর্মকর্তা, ওয়ার্ড সচিব ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা। এর মধ্যে প্রারম্ভিক স্থিতি ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা, রাজস্ব (সাধারণ তহবিল) থেকে ৪৪৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ তহবিল থেকে ৭০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি উন্নয়ন খাতে ১৪০ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্প থেকে ২ হাজার ১০ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
অন্যদিকে, মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব (সাধারণ তহবিল) খাতে ৪১৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৭৮ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা, সরকারি অনুদানে উন্নয়ন খাতে ১৩৯ কোটি ৭৫ লাখ টাকা, নিজস্ব রাজস্বভিত্তিক উন্নয়ন প্রকল্পে ২৩৬ কোটি ২৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্পে ১ হাজার ৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে।
বাজেট অনুযায়ী, অর্থবছর শেষে সিটি করপোরেশনের সমাপনী স্থিতি দাঁড়াবে ২ হাজার ৬২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা।
সভায় উপস্থাপিত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকা এবং ব্যয় ১ হাজার ২৫ কোটি ৮০ লাখ ৬৪ হাজার টাকা। সংশোধিত বাজেট অনুযায়ী সমাপনী স্থিতি রয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা।
বাজেট উপস্থাপনায় জানানো হয়, নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং বৈদেশিক সহায়তাপুষ্ট উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।
বাজেট সভায় প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, “এবারের বাজেট একটি জনকল্যাণমুখী বাজেট। নগরকে গ্রিন ও ক্লিন সিটিতে উন্নীত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এতে রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও মশকনিধনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।”