ঢাকা

গাজীপুরে ট্রাফিক ভলান্টিয়ারের আড়ালে অটোরিকশায় চাঁদাবাজি

গাজীপুরের মহাসড়কগুলোতে যানজট নিয়ন্ত্রণের নামে ‘ট্রাফিক ভলান্টিয়ার’ পরিচয় দিয়ে অবৈধ অটোরিকশা থেকে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে। একটি প্রভাবশালী চক্র অটোরিকশাকে ‘বৈধতা’ দেওয়ার আশ্বাস দিয়ে মালিকদের কাছ থেকে আড়াই থেকে তিন হাজার টাকা এবং দৈনিক চাঁদা আদায় করছে।

 

অনুসন্ধানে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হলুদ পোশাকধারী একদল তরুণ লাঠি হাতে অবস্থান করছেন। এরা বিআরটিএ বা পুলিশের সদস্য না হয়েও ‘বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি ও মোটরচালিত অটোরিকশা অটোবাইক সার্ভিস লিমিটেড’ নামের একটি সংগঠনের ব্যানারে কার্যক্রম চালাচ্ছেন। চক্রটি ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকার বিনিময়ে ‘ইনকর্পোরেশন সার্টিফিকেট’ বিক্রি করছে, যা দিয়ে অবৈধ অটোরিকশা চালানোর অনুমতি দেওয়া হচ্ছে বলে দাবি চালকদের।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চালক জানান, রাস্তায় গাড়ি নামালে মজিবর রানা ও আদিল নামের দুই ব্যক্তির অনুসারীদের দৈনিক ১০-২০ টাকা চাঁদা দিতে হয়। টাকা না দিলে ট্রাফিক পুলিশ দিয়ে গাড়ি আটকের ভয় দেখানো হয়। অভিযুক্ত আদিল টাকা আদায়ের বিষয়টি স্বীকার করে দাবি করেন, ট্রাফিক ও জেলা প্রশাসনের মৌখিক অনুমতি নিয়েই তারা কাজ করছেন। তবে মূল অভিযুক্ত মজিবর রানা আর্থিক লেনদেনের অভিযোগ অস্বীকার করেন।

 

এদিকে, গাজীপুর বিআরটিএ-র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এস এম মাহফুজুর রহমান জানান, ব্যাটারিচালিত অটোরিকশাকে কোনো প্রকার লাইসেন্স বা বৈধতা দেওয়ার নীতিমালা নেই। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম আশরাফুল আলম বলেন, “ট্রাফিক পুলিশের নাম ব্যবহার করে অটোরিকশা থেকে টাকা আদায়ের কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”



সম্পর্কিত খবর