চট্টগ্রাম প্রতিদিন

গুইমারায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

পার্বত্য খাগড়াছড়ির গুইমারায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কুবেন জয় ত্রিপুরা (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গুইমারা-মাটিরাঙা আঞ্চলিক সড়কের বাইল্যাছড়ি স্কুলপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘শান্তি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে চালক কুবেন জয় ও আরোহী হনেসা ত্রিপুরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারিয়া আহমেদ মোটরসাইকেল চালককে মৃত ঘোষণা করেন। নিহত কুবেন সিন্দুকছড়ি ইউনিয়নের পুঙ্খিমুড়া এলাকার বাসিন্দা।

 

ঘটনার পর থেকে বাসের চালক ও সহকারি পলাতক রয়েছে। তবে পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে। আহত অন্য আরোহী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাসটি (ঢাকা মেট্রো-ব-১৪-৫৯৮৩) থানায় নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, “সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা দায়েরের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 



সম্পর্কিত খবর