চট্টগ্রাম প্রতিদিন

চৌমুহনীর আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেল থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ‘হোটেল রিয়াদ’–এর ৩০২ নম্বর কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—চৌমুহনী পৌরসভার হাজীপুর গ্রামের মো. জাহিদ হাসান রাসেল (৪০) এবং দুর্গাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মোহাম্মদ বসু (৪২)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে আগে থেকেই ছয়টি মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

 

বেগমগঞ্জ মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওই হোটেলে অভিযান চালানো হয়। এসময় ৩০২ নম্বর কক্ষে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৭.৬৫ ক্যালিবারের দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, বড় ধরনের কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিল।

 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার সকালে তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।”



সম্পর্কিত খবর