ঝিনাইদহ সদর উপজেলায় বাড়ি নির্মাণের জন্য মাটি খননের সময় অবিস্ফোরিত দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের বড় গড়িয়ালা গ্রামে গ্রেনেড দুটি পাওয়া যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ওই গ্রামের বাবু মিয়ার বাড়িতে শ্রমিকরা মাটি কাটার কাজ করছিলেন। খননের একপর্যায়ে মাটির নিচে গ্রেনেড সদৃশ দুটি বস্তু দেখে তারা কাজ বন্ধ করে দেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ও যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং নিরাপত্তা নিশ্চিত করে গ্রেনেড দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত গ্রেনেড দুটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালীন সময়ের। দীর্ঘদিন মাটির নিচে চাপা থাকায় এগুলোতে মরিচা ধরেছে। তবে এগুলো এখনো সক্রিয় কি না বা কতটা শক্তিশালী, তা পরীক্ষার জন্য সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দলের সহায়তায় দ্রুত এগুলো নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হবে।