রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ শূন্য ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় আসনটিতে উপনির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২২ আগস্ট) মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, গত ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে আসনটি শূন্য হয়েছে।
এ অবস্থায় শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন
‘রিভিউ নাও’: শান্তদের উসকানি দিয়ে আম্পায়ারের সতর্কবার্তা পেলেন স্মিথ
‘রিভিউ নাও’: শান্তদের উসকানি দিয়ে আম্পায়ারের সতর্কবার্তা পেলেন স্মিথ
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন পরিচালনা শাখা ইতোমধ্যে উপনির্বাচন আয়োজনের প্রয়োজনীয় নথি প্রস্তুতের কাজ শুরু করেছে।
আসনটি শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট আয়োজনের বাধ্যবাধকতা থাকায় সময় বিবেচনায় নিয়ে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কমিশন।
ইসির জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘যেহেতু আসনটি শূন্য হয়ে গেছে, পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।
আমরা খুব বেশি সময় নেব না।’
জাতীয় সংসদ সচিবালয় থেকে আসনটি শূন্য ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশন সচিবালয়কে জানানো হয়েছে। এখন আইন ও বিধিবিধান পর্যালোচনা করে উপনির্বাচনের তফসিল, ভোটের তারিখসহ পরবর্তী কার্যক্রম চূড়ান্ত করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত হয়েছিলেন। গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।