জাতীয়

নতুন এটিসি টাওয়ারে বাড়ছে ওভারফ্লাইং রাজস্ব

দেশের আকাশসীমা ব্যবহারকারী বিদেশি উড়োজাহাজ থেকে ওভারফ্লাইং চার্জ আদায় বেড়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ার ও রাডার ব্যবস্থা চালুর পর এ আয় বেড়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

 

 

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ওভারফ্লাইং খাত থেকে ৪১৬ কোটি ৯১ লাখ টাকা আয় হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ আয় প্রায় ৮ থেকে ১০ শতাংশ বেড়েছে।

 

বেবিচকের কর্মকর্তারা বলছেন, নতুন রাডার ব্যবস্থা চালুর ফলে বাংলাদেশের আকাশসীমায় চলাচলকারী উড়োজাহাজ শনাক্ত ও পর্যবেক্ষণের সক্ষমতা বেড়েছে। এতে আকাশসীমা ব্যবহারের বিপরীতে নির্ধারিত ফি আদায় আরও কার্যকর হয়েছে।

 

 

একই সঙ্গে উড়োজাহাজ চলাচলের নিরাপত্তাও বেড়েছে।

বেবিচকের এয়ার কমোডর মোহাম্মদ নূরী আলম বলেন, আগে শুধু ওভারফ্লাইং থেকে প্রতি মাসে গড়ে ৬০ থেকে ৬১ কোটি টাকা আয় হতো। বর্তমানে তা বেড়ে প্রায় ৬৯ থেকে ৭১ কোটি টাকা হয়েছে। নতুন রাডার চালুর কারণে ভবিষ্যতে এ আয় আরও বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।

 

 

ফ্রান্সের থ্যালাস কোম্পানির প্রযুক্তিতে নতুন রাডার ব্যবস্থা স্থাপনে সরকারের ব্যয় হয়েছে ৯৪২ কোটি টাকা। বেবিচকের কর্মকর্তাদের ধারণা, বর্তমান হারে আয় বাড়তে থাকলে ১৬ থেকে ১৮ মাসের মধ্যে রাডার স্থাপনে সরকারের ব্যয় উঠে আসতে পারে।

 

মোহাম্মদ নূরী আলম বলেন, নতুন ব্যবস্থার মাধ্যমে উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে দূরত্বের ভিত্তিতে পৃথকীকরণ (সেপারেশন) দেওয়ার সক্ষমতা তৈরি হয়েছে। ফলে নির্দিষ্ট একটি রুটে আগের তুলনায় তিন থেকে চার গুণ বেশি উড়োজাহাজ একই সময়ে পরিচালনা করা সম্ভব হবে। এতে ভবিষ্যতে রাজস্বও কয়েক গুণ বাড়ানোর সুযোগ রয়েছে।

 



সম্পর্কিত খবর