চট্টগ্রাম প্রতিদিন

নবীনগরে তরুণদের উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তরুণদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে অলরাউন্ডার প্রশিক্ষণের ৯ম সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে নবীনগর পৌর শহরের আয়েশা আমজাদ টাওয়ারে বেসরকারি প্রতিষ্ঠান সার্বজনীন গ্রুপের উদ্যোগে এই সেমিনার আয়োজন করা হয়।

 

আত্মনির্ভরশীল মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে পরিচালিত ২০তম সেশনের এই প্রশিক্ষণে মোট ৫৬ জন তরুণ-তরুণী নিয়মিত অংশগ্রহণ করছেন। মূলত তরুণদের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি এবং উদ্যোক্তা হওয়ার বাস্তব দিকনির্দেশনা প্রদানই এই আয়োজনের মূল লক্ষ্য।

 

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্যে সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তি বলেন, "তরুণদের আত্মনির্ভরশীল হতে হলে দক্ষতা ও উদ্যোক্তা মানসিকতা বিকাশের বিকল্প নেই। এই লক্ষ্যেই আমরা ধারাবাহিকভাবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছি।"

 

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসিম। তিনি বেসরকারি উদ্যোগে তরুণদের দক্ষ করে তোলার এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে বলেন, "বাস্তবমুখী প্রশিক্ষণই বর্তমান সময়ে তরুণদের ভবিষ্যৎ গঠনে সবচেয়ে বড় হাতিয়ার।"

 

জামাল হোসেন পান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক আনোয়ার বিন খলিল। তিনি প্রশিক্ষণার্থীদের বিনয়ী ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আব্বাস উদ্দিন হেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

আয়োজক সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের দক্ষতা প্রয়োগ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে প্রয়োজনীয় সব ধরনের কারিগরি সহায়তা ও দিকনির্দেশনা প্রদান করা হবে।

 

 


সম্পর্কিত খবর