নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন আনুষ্ঠানিকভাবে এই প্রতীক তুলে দেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে জেলাজুড়ে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নরসিংদীর পাঁচটি আসনে এবার মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক ঘোষণা শেষে জেলা প্রশাসক প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিত করেন এবং একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব প্রার্থীকে সমান সুযোগ দেওয়া হচ্ছে। আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের সামসুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রার্থীরা উপস্থিত ছিলেন। প্রতীক পাওয়ার পর থেকেই জেলার প্রতিটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাঁদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।