নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের বাগহাটা পশ্চিমপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে একটি পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলন করে বিচার ও নিরাপত্তার দাবি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মো. ফারুক (৩৮) অভিযোগ করেন, একই এলাকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে নানা ধরনের হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ১৫ জুন সন্ধ্যার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়।

তিনি জানান, ঘটনার সময় পরিবারের পুরুষ সদস্যরা বাড়িতে না থাকায় নারী সদস্যদের ভয়ভীতি দেখিয়ে বাড়ির বিভিন্ন ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ সময় ফ্রিজ, খাট, ওয়্যারড্রোব, ড্রেসিং টেবিল, সোফাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নষ্ট করা হয়।
এছাড়া হামলাকারীরা ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ অর্থ, মোবাইল ফোন, টেলিভিশন, সেলাই মেশিন, চালসহ নিত্যপ্রয়োজনীয় মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। ভুক্তভোগীদের দাবি, এ ঘটনায় তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় আবারও হামলার আশঙ্কা করছেন। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে নরসিংদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।