নির্বাচনে ‘না-ভোট’ দেওয়ার পক্ষ নেওয়া রাজনৈতিক দলগুলো শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ গড়তে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি।
বুধবার (২১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের মির্জা রুহুল মিলনায়তনে ‘গণভোট প্রচার’ বিষয়ক এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, “হ্যাঁ-ভোট নিয়ে নানা অপপ্রচার চলছে। আপনারা যদি পরিবর্তন চান, তবে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিন। আপনাদের হাতেই আপনাদের ভবিষ্যৎ। সংবিধান পরিবর্তনের এই অনন্য সুযোগ বারবার আসবে না; এটি হাতছাড়া করা মানে সেঞ্চুরি মিস করার মতো। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে তিনি বলেন, “আমরা চাই প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ক্ষমতার ভাগাভাগি নিশ্চিত করতে। রাষ্ট্রপতি যেন কেবল নামমাত্র প্রধান হয়ে ফাইল সই করা কিংবা দিবসে ফুল দেওয়ার জন্য বসে না থাকেন। বিগত সময়ে যদি রাষ্ট্রপতির হাতে প্রকৃত ক্ষমতা থাকত, তবে দেশে কোনো স্বৈরাচার সরকার তৈরি হতে পারত না।”
সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।