খুলনা

নড়াইলে নদী ভাঙন রোধ ও গ্যাস সংযোগের প্রতিশ্রুতি নূর ইসলামের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী লায়ন নূর ইসলাম ব্যাপক গণসংযোগ ও প্রচার চালিয়ে যাচ্ছেন। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে জেলার লোহাগড়া উপজেলার মধুমতী নদী ভাঙনকবলিত ইতনা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ‘ট্রাক’ প্রতীকের পক্ষে তিনি এই প্রচারণা চালান।

 

শীত ও কুয়াশা উপেক্ষা করে ভোর থেকেই নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন নূর ইসলাম। গণসংযোগকালে তিনি নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান এবং নড়াইলে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন।

 

গণঅধিকার পরিষদের প্রার্থী লায়ন নূর ইসলাম বলেন, “আমি নির্বাচিত হলে নড়াইল-২ আসনের সড়ক ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মধুমতীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। এছাড়া পাইপলাইনের মাধ্যমে নড়াইলের প্রতিটি ঘরে গ্যাস পৌঁছে দেওয়ার লক্ষে কাজ করব।”

 

গণসংযোগকালে তাঁর সঙ্গে গণঅধিকার পরিষদ নড়াইল জেলার সাংগঠনিক সম্পাদক টিপু শেখসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 


সম্পর্কিত খবর