নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে উসমান গনির (৪৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। উসমান ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে দলজিৎপুর গ্রামের মামুনের বাড়ির পেছনের পুকুরপাড়ে একটি নারকেল গাছের নিচে উসমানের মরদেহ দেখতে পান তারা। এ সময় তার পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। তবে লুঙ্গিটি কাছা দেওয়া ছিল। মরদেহের পাশে একটি ব্যাগে সাতটি নারকেলও পাওয়া যায়। অনেকের ধারণা, নারকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। উসমান পেশায় দিনমজুর ছিলেন।
নিহত উসমানের বোন আছিয়া জানান, তার ভাই ঘরে একা থাকতেন। তার স্ত্রী বর্তমানে সৌদি আরবে এবং দুই সন্তান নানাবাড়িতে থাকেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উসমানকে নিজের ঘরে রান্না করতে দেখেছিলেন তিনি।
এদিকে স্থানীয় গারুচিরা বাজারে শুক্রবার রাত ১২টার দিকেও উসমানকে চা পান করতে দেখেছেন অনেকে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, খবর পেয়ে উসমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।