খুলনা

নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় দুই ভাই গ্রেপ্তার

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুটিমারী বাজার এলাকায় পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬), ভাটিয়াপাড়া ক্যাম্প। যশোর ক্যাম্পের মেজর ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে এসআরবির সদস্যরা গত রোববার (৪ অক্টোবর) রাত ৩টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি এসকেন শেখ (৩৫) ও তাঁর ভাই নয়ন শেখকে (২২) গ্রেপ্তার করেন। পরে তাঁদের নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়।

পুটিমারী গ্রামের বাবলু শেখের ছেলে এসকেন একটি অস্ত্র ও নয়টি মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি। গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নড়াগাতী থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন ও হাসান পুঠিমারী এলাকা থেকে এসকেন শেখকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হন। এসকেন, তাঁর ভাই নয়ন ও বাবা বাবলু শেখসহ তাঁদের লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এসকেনকে ছিনিয়ে নেন।

এ সময় এসআই মুরাদ হোসেনের হাত, পিঠ ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করেন তাঁরা। আহত পুলিশ কর্মকর্তা মুরাদকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরের দিন সকালে পুটিমারী ঈদগাহের সামনে থেকে ভাঙা হাতকড়াটি উদ্ধার হলেও এসকেনসহ তাঁর পরিবারের লোকজন পালিয়ে যান।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান, পুলিশের ওপর হামলা মামলায় এসকেন শেখসহ ২৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি এসকেনসহ তাঁর ভাই নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় আটজন গ্রেপ্তার হয়েছেন। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

 


সম্পর্কিত খবর