খুলনা

নড়াইলে স্বতন্ত্র প্রার্থীকে হত্যার হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলন

নড়াইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেন নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। — নড়াইল প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেনকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। বুধবার রাতে নড়াগাতী থানার দক্ষিণ যোগানিয়া গ্রামে নিজ বাসভবনে তাকে ভয়ভীতি দেখানো হয় বলে শুক্রবার এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন তিনি।

 

সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক নাগিব হোসেন জানান, ওই রাতে ৬-৭ জন সশস্ত্র ব্যক্তি মাইক্রোবাসযোগে এসে ডিবি পরিচয় দিয়ে তাকে ঘরের বাইরে বের করার চেষ্টা করে। ব্যর্থ হয়ে তারা তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেয়। তিনি বলেন, “জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ আমাকে মাঠ থেকে সরাতে চাইছে। তবে ভয়ভীতি দেখিয়ে আমাকে নির্বাচন থেকে দূরে রাখা যাবে না।”

 

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী মিকু শেখ ও কল্লোল জানান, গুলির শব্দ ও চিৎকার শুনে তারা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় আতঙ্ক সৃষ্টি করতে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছোড়ে বলেও অভিযোগ স্থানীয়দের।

 

ইতিমধ্যেই বিষয়টি নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, অভিযোগ পাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।



সম্পর্কিত খবর