ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে রাজনৈতিক সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই কেন্দ্রীয় নেতা। পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও প্রার্থী সারজিস আলম একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
আজ শনিবার (০৩ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই পর্ব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এই প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় দুই নেতা কোলাকুলি করে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটান।
সাংবাদিকদের ব্রিফিংকালে সারজিস আলম বলেন, "বিএনপির প্রার্থী নওশাদ জমির ভাইসহ আমরা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কাজ করছি। নির্বাচনের শেষ দিন পর্যন্ত এবং এর পরেও আমাদের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। দল ও আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে পঞ্চগড় ও দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকব।"
একই স্থানে বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দল গভীর শোকের মধ্য দিয়ে গেলেও আমরা সাংবিধানিক ধারাবাহিকতায় নির্বাচনে অংশ নিচ্ছি। সারজিস আলম যে ঐক্যের কথা বলেছেন, আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত। আমাদের মূল লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা।"
এদিকে পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান জানান, জেলার দুটি আসনে ১৯ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। পঞ্চগড়-১ আসনে জাগপা প্রার্থী রাশেদ প্রধানসহ মোট সাতজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আসনটিতে বর্তমানে সাতজন এবং পঞ্চগড়-২ আসনে পাঁচজন প্রার্থী বৈধ হিসেবে রয়েছেন।