রংপুর

পঞ্চগড়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

পঞ্চগড় জেলা পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. আইনুল হক (৫৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৪ জানুয়ারি) ভোরে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে কর্মস্থলে থাকা অবস্থায় মো. আইনুল হক হঠাৎ তীব্র অসুস্থতা অনুভব করেন। সহকর্মীরা তাকে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রংপুরে পৌঁছানোর আগেই পথিমধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

মরহুমের জানাজার নামাজ আজ বেলা ১১টায় পঞ্চগড় পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় পঞ্চগড় জেলার পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মরহুমের স্বজনরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

 

নিহত আইনুল হক লালমনিরহাট সদর উপজেলার সাপটানা শ্মশান কলোনি এলাকার দমকলপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। তিনি ১৯৮৮ সালের ২৭ জুন বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ ৩৭ বছরেরও বেশি সময় তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

 

পুলিশ পরিদর্শকের অকাল মৃত্যুতে জেলা পুলিশের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। জানাজা শেষে তার মরদেহ দাফনের জন্য নিজ গ্রামে পাঠানো হয়।



সম্পর্কিত খবর