চট্টগ্রাম প্রতিদিন

পানছড়ি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কচুছড়ি মুখ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রবিবার (১১ জানুয়ারি) ভোররাতে সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়।

 

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল কচুছড়ি মুখ এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব না হলেও পাচারকারীদের ফেলে যাওয়া মালামালগুলো জব্দ করা হয়।

 

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী, চা পাতা, গুঁড়ো দুধ, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, অলিভ অয়েল ও ইঁদুর মারার ওষুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য। বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত এসব মালামালের বর্তমান বাজারমূল্য আনুমানিক ১ লাখ ১২ হাজার ১৩৫ টাকা।

 

পানছড়ি ব্যাটালিয়নের জোন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রবিউল ইসলাম জানান, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও সকল ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



সম্পর্কিত খবর