চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মনকিচর মহল্লাপাড়া এলাকায় আফ্রিকা প্রবাসী আবদুল গফুর ও আব্দু ছবুর নামের দুই ভাই বসতবাড়ি নির্মাণ করতে গেলে স্থানীয় দুষ্কৃতিকারীরা তাদের কাছ থেকে চাঁদা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদা না দিলে নবনির্মিত স্থাপনা ভাঙচুর, হত্যা এবং এলাকাছাড়া করার হুমকির মুখে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে স্থানীয় জিয়াউল হক ও সৈয়দুল হকসহ অজ্ঞাতনামা ১২ জনের বিরুদ্ধে বাঁশখালী আদালতে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী পরিবার। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, বাঁশখালীর মনকিচর মহল্লাপাড়া গ্রামের মৃত আহমদুর রহমানের ছেলে আব্দু ছবুর, আবদুল গফুর এবং তাদের অন্য ভাইয়েরা আফ্রিকা প্রবাসী এবং সকলেই রেমিট্যান্স যোদ্ধা। প্রবাসের কষ্টার্জিত টাকায় তাঁরা আট শতক জায়গা ক্রয় করে বসত-বাড়ি নির্মাণের উদ্দেশ্যে ঘেরা-বেড়া দিলে স্থানীয় দুষ্কৃতিকারীরা চাঁদা দাবি শুরু করে।
প্রবাসী আব্দু ছবুর জানান, দুষ্কৃতিকারীরা ভিন্ন ভিন্ন সময় চাঁদার প্রস্তাব পাঠায়। চাঁদা না দিলে প্রাণে হত্যাসহ নতুন নির্মিত স্থাপনাসমূহ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে। তিনি বিষয়টি বাঁশখালী থানা পুলিশকে অবহিত করেছেন এবং বাঁশখালী আদালতে জিডি করেছেন। তিনি ও তাঁর পরিবারের লোকজন হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয় আব্দুল গফুর, নেজাম উদ্দিন, আব্দুল করিম, জাকের আহমদ, হাছান আহমদসহ অনেকেই অভিযোগ করে বলেন, এলাকায় ছোট-খাটো স্থাপনা নির্মাণ করতে গেলেই স্থানীয় চাঁদাবাজদের উৎপাত বেড়ে যায়। তাদের চাঁদা না দিলে নানাভাবে হামলা-মামলার হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রবাসীর বাড়ি নির্মাণে চাঁদাবাজির অভিযোগ তাঁরা পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।