বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে মৃত্যুবরণকারী সাবেক সংবাদকর্মী মো. নিরব হোসেনের (৫৫) দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার জোহরের নামাজের পর পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুম নিরব হোসেন জুলাই গণঅভ্যুত্থানের আহত যোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ানের বাবা। তিনি ১৯৯৮ সাল থেকে দীর্ঘ ১১ বছর দৈনিক জনকণ্ঠে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নাজিরপুরে অনুষ্ঠিত জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বাউফল আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম তালুকদার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ এবং পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুটি। এছাড়া স্থানীয় বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ জানাজায় অংশ নেন।
পারিবারিক সূত্র জানায়, নিরব হোসেনের ছেলে তাহসিন বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। এর আগে সরকারি ব্যবস্থাপনায় তাকে থাইল্যান্ডে উন্নত চিকিৎসা করানো হয়েছিল। নিরব হোসেনের মৃত্যুর পর তারেক রহমানের নির্দেশে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাজধানীর মোহাম্মদপুরে তার বাসায় গিয়ে স্বজনদের সান্ত্বনা দেন এবং দলের পক্ষ থেকে সহায়তার আশ্বাস প্রদান করেন।