দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ, গবেষণামুখী মনোভাব এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাদানের ওপর গুরুত্বারোপ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। তিনি বলেন, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রযুক্তিনির্ভর ও আধুনিক শিক্ষাদান পদ্ধতি সময়ের দাবি।
রবিবার সন্ধ্যায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি), গাজীপুর ক্যাম্পাসে ‘Professional Development Training for University Faculty’ শীর্ষক চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউজিসির হায়ার এডুকেশন ইমপ্রুভমেন্ট (HEQEP/HIT) প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। চেয়ারম্যান আরও বলেন, আবাসিক প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, নেটওয়ার্কিং এবং বোঝাপড়া জোরদার হবে। এতে শিক্ষক-শিক্ষক ও শিক্ষক-শিক্ষার্থীর মধ্যকার দূরত্ব কমবে এবং পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তিন দশকেরও বেশি সময় ধরে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে শিক্ষা পৌঁছে দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষকদের পেশাগত উৎকর্ষতা অর্জনে ধারাবাহিক প্রশিক্ষণ অপরিহার্য।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, চার মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সহায়ক হবে।
অনুষ্ঠানে ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, অধ্যাপক ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, বিশ্বব্যাংকের সিনিয়র কনসালটেন্ট ড. মো. মাহমুদুল হক এবং কোর্স পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহির রায়হান বক্তব্য দেন।
স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান। এছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারী দুইজন শিক্ষক তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি. এম. আহমেদ হুসেইন, ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
চার মাসব্যাপী এ প্রশিক্ষণে দেশের ৩৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৫৯ জন শিক্ষক অংশগ্রহণ করছেন। এর মধ্যে ৩৫ জন সরকারি এবং ২৪ জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন। প্রশিক্ষণ কর্মসূচিতে আধুনিক পাঠদান কৌশল, শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং একাডেমিক নেতৃত্ব উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।