বরগুনার বামনায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ মোসা. সালমা বেগম (৪৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার বামনা ইউনিয়নের কালিকাবাড়ী গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তুলাতলা বাজার সংলগ্ন কালিকাবাড়ী গ্রামে এই অভিযান চালানো হয়। এ সময় সালমা বেগমের কাছ থেকে ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযুক্ত সালমা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বামনা থানা সূত্রে জানা গেছে, আটক সালমা বেগমের বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। গত ২০২৫ সালেও তিনি বিপুল পরিমাণ মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ দুপুরে তাঁকে বামনা থানায় হস্তান্তর করা হয়েছে।
যৌথবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল ও সন্ত্রাস দমনে বামনা উপজেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এই ধরনের কঠোর অভিযান ও টহল অব্যাহত থাকবে।