বরগুনার বামনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের পুত্র সৈয়দ নাহিয়ান আহসান রাহবারের বিরুদ্ধে ওঠা ‘কোটি টাকা’ আত্মসাতের অভিযোগ মিথ্যা দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, মাত্র ৩ লাখ ৭৬ হাজার ৯০০ টাকার প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ সম্মেলনে রাহবার জানান, গত ৫ আগস্টের পর বামনা বাজারের ফুটপাত দখলমুক্ত করতে ব্যবসায়ীদের জন্য ‘সাহেববাড়ি বাজার’ নামক স্থানে শেড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাজার কমিটির সিদ্ধান্তে ২৯ জন ব্যবসায়ীর কাছ থেকে ১৩ হাজার টাকা করে মোট ৩ লাখ ৭৭ হাজার টাকা সংগ্রহ করা হয়। সংগৃহীত অর্থ তৎকালীন বাজার কমিটির সভাপতি আবুল হোসেন সিকদারকে বুঝিয়ে দেওয়া হয় এবং তিনি কেবল কাজ তদারকির দায়িত্বে ছিলেন।
রাহবার আরও বলেন, “সম্পূর্ণ কাজে ব্যয় হয়েছে ৩ লাখ ৭৬ হাজার ৯০০ টাকা। অথচ গত ২ মার্চ কয়েকজন ব্যবসায়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের হাস্যকর অভিযোগ তোলেন। এতে আমার ও আমার পরিবারের সম্মানহানি করা হয়েছে।”
গত ২ মার্চের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকারী জয় চন্দ্র দাস এখন দাবি করছেন, তাকে না জানিয়ে কিছু কাগজ ধরিয়ে দিয়ে পড়তে বলা হয়েছিল। তিনি বলেন, “আমরা ১৩ হাজার টাকা জমা দিয়ে দোকান বুঝে পেয়েছি। লাখ লাখ টাকা আত্মসাতের বিষয়ে আমি কিছু জানি না।”
এ বিষয়ে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নিকহাত আরা জানান, বিষয়টি নিয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।