ঢাকা

বাসাইলে বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধে হত্যা, দুই শ্রমিক পলাতক

টাঙ্গাইলের বাসাইলে মোতাহার সিকদার ওরফে ঠান্ডু (৭৫) ও তাঁর স্ত্রী রেজিয়া বেগমকে (৬৫) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার হাবলা ইউনিয়নের ঘোষাখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও স্বজনরা।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার ধানের চারা রোপণের জন্য শরীফ ও সুমন নামের দুই শ্রমিককে বাড়িতে আনা হয়। সোমবার রাতে ওই শ্রমিকরা ঘরের বারান্দায় এবং দম্পতি ভেতরে ঘুমান। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের টিন কেটে প্রবেশ করে তাঁদের শ্বাসরোধে হত্যা করে মালামাল লুট করে পালিয়ে যায়। পরে স্বজনরা তাঁদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, “দুই শ্রমিকের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

 

টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) এ কে এম মামুনুর রশিদ বলেন, “ঘটনার পর থেকে ওই দুই শ্রমিক পলাতক রয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ঘর থেকে কী পরিমাণ মালামাল লুট হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ ইতোমধ্যে ছায়া তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।



সম্পর্কিত খবর