নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার।
মঙ্গলবার (৩১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
জানা যায়, তোফাজ্জল হোসেন মাস্টার দীর্ঘদিন ধরে নরসিংদী জেলা বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি টানা প্রায় ২৭ বছর জেলা বিএনপির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সামাজিক ক্ষেত্রেও অবদান রেখে আসছেন। দলীয় দুঃসময়ে তার সক্রিয় ভূমিকা বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিশেষভাবে প্রশংসিত।
এছাড়া, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবেও তিনি আলোচনায় ছিলেন।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, তার এই নিয়োগ নরসিংদী জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আনবে। একইসঙ্গে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।