নানা জল্পনা ও আইনি বিতর্কের পর নরসিংদী-৫ (রায়পুরা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। গতকাল শনিবার (৩ জানুয়ারি) রাত ৯টার দিকে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থিতা যাচাই-বাছাই চলাকালে তৌফিকুর রহমানের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন ওঠে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পদে থেকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের আপত্তির মুখে তাঁর মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। তবে দীর্ঘ সময় যাচাই-বাছাই শেষে আইনি শর্ত পূরণ হওয়ায় তাঁর প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, "ব্যারিস্টার তৌফিকুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের প্রচলিত আইনের সব শর্ত পূরণ হওয়ায় তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।"
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর তৌফিকুর রহমান মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়। সমালোচকদের দাবি ছিল, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা একটি সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে থেকে তাঁর নির্বাচনে অংশগ্রহণের নৈতিক ও আইনি ভিত্তি নিয়ে। ব্যারিস্টার তৌফিক গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
প্রার্থিতা বৈধ হওয়ার পর এ বিষয়ে তৌফিকুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। এই সিদ্ধান্তের ফলে রায়পুরার নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি হবে বলে ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।