মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক এবং ‘নিউক্লিয়াস’-এর প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার রাজদরবার অডিটোরিয়ামে সিরাজুল আলম খান সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এই অনুষ্ঠানের আয়োজন করে।
সভার শুরুতে আলীপুরে সিরাজুল আলম খানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রিসার্চ ইনস্টিটিউটের সদস্যরা। পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল আলম খান সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান রায়হানুল ইসলাম।
প্রধান আলোচক তাঁর বক্তব্যে বলেন, "বাঙালি জাতির স্বাধিকার থেকে স্বাধীনতা এবং ১৯৭১ সালের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র গঠনে সিরাজুল আলম খানের ভূমিকা অবিস্মরণীয়। তিনি আমৃত্যু জনগণের মুক্তির জন্য লড়াই করেছেন। রাষ্ট্র বিনির্মাণে প্রবীণ ও তরুণদের মেধাকে কাজে লাগিয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সমন্বয় ঘটাতে হবে, অন্যথায় আমরা পিছিয়ে পড়ব।"
সেন্টারের পরিচালক মোশারেফ হোসেন মন্টুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির (বাসাস) মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান, নোয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু প্রমুখ। বক্তারা সিরাজুল আলম খানের প্রদর্শিত ‘তৃতীয় জাগরণ’ এবং ১৪ দফা কর্মসূচির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।