ঢাকা

ব্রিতে গবেষণা-অর্জন কর্মশালা ও বিজ্ঞানীদের বিশেষ প্রশিক্ষণ উদ্বোধন

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর উদ্যোগে ‘ব্রির অগ্রগতি ও অর্জন’ শীর্ষক কর্মশালা এবং ব্রি বিজ্ঞানীদের দুই মাসব্যাপী আধুনিক ধান উৎপাদন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

 

সোমবার গাজীপুরে ব্রির সদর দপ্তরের প্রশিক্ষণ ভবনের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা ও প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএসসির সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ।

 

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং স্বাগত বক্তব্য দেন পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম।

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে ড. মোবাশ্বের মোনেম বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে ব্রির বিজ্ঞানীরা উন্নত জাত উদ্ভাবনের মাধ্যমে কৃষি খাতকে এগিয়ে নিচ্ছেন। তবে গবেষণার ফলাফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তবেই গবেষণার সার্থকতা অর্জিত হবে। পাশাপাশি সুযোগ-সুবিধার অভাবে মেধাবী বিজ্ঞানীদের বিদেশমুখী হওয়ার প্রবণতা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপরও তিনি জোর দেন। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ বলেন, দেশের কৃষি উন্নয়নে সরকারের আন্তরিকতা রয়েছে। কৃষি খাতের সমস্যা সমাধানে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কার্যকর ভূমিকা রাখবে। সভাপতির বক্তব্যে ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান আশা প্রকাশ করেন, নতুন বিজ্ঞানীরা এ দুই মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক ধান উৎপাদন বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ব্রির সি-ফোর ল্যাব, কেন্দ্রীয় গবেষণাগার এবং জিন ব্যাংক পরিদর্শন করেন।

 

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী বিজ্ঞানীদের সঙ্গে অতিথিবৃন্দের একটি ফটোসেশন অনুষ্ঠিত হয়।



সম্পর্কিত খবর