ব্রির মহাপরিচালক পদে ড. আমিনুল ইসলাম কে প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট-এর প্রধান ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর প্রধান ফটকের সামনে মহাপরিচালক পদে নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা।
ব্রি বিজ্ঞানী সমিতির ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ড. হাবিবুর রহমান মুকুল, উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক ড. মোহাম্মদ ইত্তেখারউদ্দৌলা এবং সমিতির সহ-সভাপতি আনোয়ার উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ড. আমিনুল ইসলাম-কে ব্রির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা তারা প্রত্যাখ্যান করছেন। তাদের দাবি, এ নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে এবং সংশ্লিষ্ট আদেশ প্রত্যাহার করতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে স্লোগান দেন। তারা বলেন, ফ্যাসিস্টদের দোসর আমিনুল ইসলাম কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ে বঙ্গবন্ধুর মোড়াল তৈরির জন্য দেড় লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ আছে তার বিরুদ্ধে। ১৫ ই আগস্ট উপলক্ষে স্মরণিকা তৈরীর আহবায়ক ছিলেন সে। এছাড়া একটি গবেষণা প্রতিষ্ঠানের স্বচ্ছতা, পেশাগত মান এবং সুশাসন বজায় রাখতে বিতর্কিত নিয়োগ প্রত্যাহার জরুরি।
বিজ্ঞানী সমিতির নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। কর্মসূচিতে সিনিয়র বিজ্ঞানী, নবীন গবেষক, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক এই নিয়োগকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের ভেতরে অসন্তোষ বিরাজ করছে।