রংপুর

ভাসুরের শাবলের আঘাতে ছোট ভাইয়ের স্ত্রীর মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় টিউবওয়েলের পানি যাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের পরিবারের বিরোধের জের ধরে ছোট ভাইয়ের স্ত্রী আঞ্জুআরা বেগম (৩৫) নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকাকালীন তিনি মারা যান।

নিহত আঞ্জুআরা বেগম দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের খারিজা গুয়াগ্রাম এলাকার ফরিদুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২২ অক্টোবর দুপুরের দিকে ফরিদুলের বড় ভাই রহিদুল ইসলামের (৩৮) টিউবওয়েলের পানি ফরিদুলের বাড়ির দিকে প্রবাহিত হওয়াকে কেন্দ্র করে দুই ভাই ও তাঁদের স্ত্রীদের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে রহিদুল ইসলাম ধারালো শাবল দিয়ে ছোট ভাই ফরিদুল ইসলামের স্ত্রী আঞ্জুআরা বেগমের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৬ অক্টোবর) ভোরে আঞ্জুআরা বেগম মারা যান।

নিহতের ছোট ভাই জামান সানাই জানিয়েছেন, ময়না তদন্ত শেষ হলে আজ (সোমবার) সকালে নিহতের লাশ গ্রামের বাড়িতে আসতে পারে।

 

এ ঘটনায় নিহতের ছোট ভাই জামান সানাই গত ২৩ অক্টোবর দেবীগঞ্জ থানায় রহিদুল ইসলামকে প্রধান আসামি করে আরও সাতজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

সুন্দরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম নিহত মহিলার পরিবারের সদস্যদের নিয়ে দেবীগঞ্জ থানায় গিয়ে মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, "এ ঘটনায় আমরা মামলা গ্রহণ করেছি এবং প্রধান আসামি রহিদুল ইসলামকে ওই দিনই গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের মারা যাওয়ার বিষয়টি বিজ্ঞ আদালতকে লিখিতভাবে জানানো হবে।"



সম্পর্কিত খবর