ঝিনাইদহের মহেশপুরে একটি ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল কাজে নিয়োজিত একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে ওই গাড়িতে থাকা চার সেনাসদস্য আহত হয়েছেন। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট ঈদগাহ ময়দান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সেনাবাহিনী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টহল দলটির পিকআপ ভ্যানটি মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিল। পথে পেছন থেকে আসা একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সেনাবাহিনীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে একটি বাঁশঝাড়ে আছড়ে পড়ে। একই সময় ধাক্কা দেওয়া ট্রাকটিও পাশের খাদে ছিটকে পড়ে। যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটির স্টিয়ারিং বিকল হয়ে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আহত চার সেনাসদস্যকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের চিকিৎসা চলছে এবং বর্তমানে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্থানীয় সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর নাভিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং ট্রাক চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যান। দুর্ঘটনাকবলিত ট্রাকটির নাম ‘মা-বাবার দোয়া (মারিয়া মিরাজ)’ এবং এর নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ট ১৫-২৬৭৮। পুলিশ ও সেনাবাহিনী ট্রাকটি জব্দ করার প্রক্রিয়া শুরু করেছে।