বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) আসরের নামাজের পর আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শহরের কাজিরগাঁও জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে বক্তারা ক্রীড়া সংগঠক হিসেবে মরহুম কোকোর অবদান ও তাঁর দায়িত্বশীল ভূমিকার কথা স্মরণ করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমেদ শাহিন এবং পৌর বিএনপির নেতা সৈয়দ জহির আহমেদ।
এ সময় অন্যান্যের মধ্যে কানাডা বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুল মুহিত নজমুল এবং মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।