খুলনা

যশোর কারাগারে বন্দিদের ভোটাধিকার: ব্যালটের অপেক্ষায় ১২৯ জন

দেশের ইতিহাসে প্রথমবারের মতো কারাগারে থাকা বন্দিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ জন বন্দি আসন্ন নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। গত ৩১ ডিসেম্বর তাঁদের অনলাইন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

 

যশোর কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, কারাগারে থাকা বন্দিদের ভোটাধিকারের বিষয়ে অবহিত করা হলে ব্যাপক আগ্রহ দেখা যায়। তবে জাতীয় পরিচয়পত্র না থাকা এবং জামিনে মুক্তি পাওয়ার সম্ভাবনাসহ বিভিন্ন কারণে সবাই নিবন্ধিত হতে পারেননি। শেষ পর্যন্ত যাচাই-বাছাই শেষে ১২৯ জন বন্দি পোস্টাল ব্যালটের জন্য চূড়ান্তভাবে নিবন্ধিত হয়েছেন।

 

ভোট প্রদানের প্রক্রিয়া সম্পর্কে জানা গেছে, নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত বন্দিদের জন্য পৃথক খাম পাঠানো হবে। প্রতিটি প্যাকেটে ব্যালট পেপার, ভোট প্রদানের নিয়মাবলি এবং স্বাক্ষরের স্থান থাকবে। বন্দিরা কারাগারের ভেতরে নির্ধারিত স্থানে বসে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে খাম সিল করবেন। পরে কারা কর্তৃপক্ষ ডাক বিভাগের মাধ্যমে ওই ব্যালটগুলো নির্বাচন কমিশনে পাঠাবে, যা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার মূল ভোটের সঙ্গে গণনা করা হবে।

 

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ হাসান জানান, নিবন্ধিত বন্দিদের কেউ জামিনে মুক্তি পেলেও তাঁকে ভোটাধিকার প্রয়োগের জন্য কারাগারের নির্ধারিত বুথে এসে ভোট দিতে হবে। তিনি বলেন, “বন্দিদের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা একটি বিশেষ টিম গঠন করেছি। প্রথমবারের মতো এই সুযোগ পেয়ে বন্দিদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।”

 

যশোরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আশেক হাসান জানান, বন্দিরা যাতে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন ও কারা কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।



সম্পর্কিত খবর