খুলনা

যশোর-১ আসনে বিএনপির মো. নুরুজ্জামান লিটনের মনোনয়নপত্র দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান লিটন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র দাখিল করেন।

 

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. নুরুজ্জামান লিটন বলেন, “বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী এবং আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এখন যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। জনগণ তাকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।”

 

বিগত বছরের আন্দোলন-সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী আত্মত্যাগ করেছেন। আমি নিজেও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ২৭টি মামলার মুখোমুখি হয়েছি। তবে প্রতিকূলতা সত্ত্বেও আমরা শতভাগ নির্বাচনী আচরণবিধি মেনে প্রতিদ্বন্দ্বিতা করব।”

 

মনোনয়নপত্র দাখিলের সময় শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর