খুলনা

যশোরে বিএনপির ৩ আসনে প্রার্থী বদল, চূড়ান্ত তালিকায় চমক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের ৬টি সংসদীয় আসনের মধ্যে তিনটিতেই প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। বুধবার (২৪ ডিসেম্বর) কেন্দ্রীয় সিদ্ধান্তের মাধ্যমে যশোর-১ (শার্শা), যশোর-৫ (মণিরামপুর) এবং যশোর-৬ (কেশবপুর) আসনে এই পরিবর্তন আনা হয়। এই আকস্মিক সিদ্ধান্তে জেলার রাজনৈতিক সমীকরণে নতুন মোড় নিয়েছে।

 

দলীয় সূত্র মতে, যশোর-৬ (কেশবপুর) আসনে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের পরিবর্তে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আবুল হোসেন আজাদকে। শ্রাবণ প্রাথমিক মনোনয়ন পেয়ে দীর্ঘদিন মাঠে সক্রিয় থাকলেও শেষ মুহূর্তে স্থানীয় নেতৃত্বকে গুরুত্ব দিয়ে আজাদকে বেছে নিয়েছে কেন্দ্র।

 

যশোর-১ (শার্শা) আসনেও এসেছে বড় পরিবর্তন। এখানে বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তিকে বাদ দিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের হাতে চূড়ান্ত টিকিট তুলে দেওয়া হয়েছে। স্থানীয় রাজনীতিতে তৃণমূল নেতৃত্বের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

সবচেয়ে আলোচিত পরিবর্তনটি হয়েছে যশোর-৫ (মণিরামপুর) আসনে। এখানে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবালকে সরিয়ে জোটের শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলামের (একাংশ) নেতা মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়া হয়েছে। জোটের স্বার্থে নিজেদের শক্ত ঘাঁটিতে ছাড় দেওয়ার এই সিদ্ধান্তে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কেন্দ্র ও তৃণমূলের দ্বন্দ্বে সমন্বয় করতেই বিএনপি এই কৌশলগত পরিবর্তন এনেছে। একদিকে যেমন শরিক দলকে মূল্যায়ন করা হয়েছে, অন্যদিকে স্থানীয় কোন্দল মেটাতে তৃণমূল নেতাদের প্রাধান্য দেওয়া হয়েছে। তবে প্রচারণার মাঝপথে এই পরিবর্তনের ফলে ভোটের মাঠে এর প্রভাব কতটা পড়বে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।



সম্পর্কিত খবর