টপ নিউজ

রাণীনগরে ডিবি পরিচয়ে অটো রিকশা ও নগদ টাকা ছিনতাই

নওগাঁর রাণীনগরে ডিবি পুলিশ পরিচয়ে এক চালক ও ব্যবসায়ীকে অপহরণ করে একটি ব্যাটারিচালিত অটো রিকশা (টমটম) এবং নগদ ১৮ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার আবাদপুকুর-কালীগঞ্জ সড়কের কয়াপাড়া মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

 

ছিনতাইয়ের শিকার চালক তারেক রহমান উপজেলার স্থল গ্রামের আশরাফুল হোসেনের ছেলে। ভুক্তভোগী জানান, শনিবার ভোরে তিনি ব্যবসায়ী রফিকুল ইসলামকে নিয়ে অটো রিকশাযোগে বগুড়ার আদমদীঘি বাজারে যাচ্ছিলেন। পথে কয়াপাড়া এলাকায় একটি মাইক্রোবাস তাদের পথরোধ করে। মাইক্রোবাস থেকে কয়েকজন ব্যক্তি নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়িতে মাদক আছে বলে তল্লাশি শুরু করে।

 

একপর্যায়ে তারা তারেক ও রফিকুলকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। ছিনতাইকারীরা তাদের মারধর করে নগদ ১৮ হাজার টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। পরে শনিবার সকাল সোয়া ৭টার দিকে নাটোরের সিংড়া উপজেলার জামতলা এলাকায় তাদের সড়কের পাশে ফেলে রেখে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের অটো রিকশাটি নিয়ে পালিয়ে যায়।

 

চালক তারেক রহমান জানান, এই ঘটনায় তিনি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) বাবলু চন্দ্র পাল বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

 



সম্পর্কিত খবর