নওগাঁর রাণীনগরে বসতঘরের প্রধান ফটক বাইরে থেকে তালাবদ্ধ করে গোয়ালঘর থেকে একটি বিদেশি জাতের বাছুর চুরি করেছে চোরচক্র। শনিবার (২৪ জানুয়ারি) গভীর রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ভান্ডারা গ্রামে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক ইফতেখার হোসেন জানান, রাত আনুমানিক ২টার দিকে তাঁর স্ত্রী জানালা দিয়ে গোয়ালঘরের দরজা খোলা দেখতে পান। চুরির বিষয়টি বুঝতে পেরে তাঁরা ঘরের বাইরে বের হওয়ার চেষ্টা করলে দেখেন, চোরেরা বসতঘরের গেটে বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছে। পরে বিকল্প পথ দিয়ে বের হয়ে তাঁরা দেখতে পান গোয়ালঘরের তালা কেটে ৯২ হাজার টাকা মূল্যের একটি বিদেশি বাছুর নিয়ে গেছে চোরেরা। তবে পাশের একটি মাঠে গাভীটিকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলেও বাছুরটির সন্ধান মেলেনি।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তার এবং চুরি হওয়া বাছুরটি উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।"